নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে ৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৯।
গতকাল শনিবার, ২৮ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, সদর থানার জাহাঙ্গীরনগর নতুন গুদিগাঁও এলাকায় ডলুরা বর্ডার হাট থেকে ইব্রাহীমপুর ঘাটগামী পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে এসআরবির দলটি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তার কাছে বিদেশি মদ রয়েছে। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা দুটি কাগজের কার্টন থেকে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মোঃ হাকিম। তার বয়স ২০ বছর। তিনি সুনামগঞ্জ সদর থানার ডলুরা এলাকার মোঃ রবি মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাকিম জানান, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।





