নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে স্থানীয় জেলের চাপজালে ১৬ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। রোববার ভোরে জেলে লুৎফর হালদার পদ্মা নদীতে মাছটি শিকার করেন। পরে বিক্রির উদ্দেশ্যে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের মাছের আড়তে নিয়ে আসা হয়।


সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। বর্তমানে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁধে জীবিত রাখা হয়েছে।


ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি বিক্রি করে লাভের আশায় দেশ-বিদেশের সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন। আগ্রহী ক্রেতারা ০ ১৭১১-৬৫২৬৪৯ নম্বরে সরাসরি যোগাযোগ করে মাছটি কিনতে পারবেন। এদিকে, বড় আকৃতির এই কাতল মাছটি দেখতে ঘাটে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।