নিজস্ব প্রতিবেদক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমি তাকে স্পষ্ট জানিয়েছি যে, জাতীয় ঐক্যের পরিবেশ আপনারাই নষ্ট করেছেন। এই দুই দাবি মেনে নিলে ঐক্যের জন্য আলাদা কোনো বৈঠকের প্রয়োজন হবে না।


রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ। অথচ বর্তমানে প্রশাসনের সব স্তরে অযোগ্য ও দুর্নীতিবাজদের বসানো হয়েছে। সরকার একদিকে ফ্যাসিবাদবিরোধী কথা বলছে, অন্যদিকে স্বৈরাচারের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে না এলে জাতীয় ঐক্য অর্থহীন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থেই ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়তে চান, তবে ফ্যাসিবাদীদের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। বিরোধী দল সরকারের লাঠিয়াল বা চৌকিদার হিসেবে কাজ করবে না।


পতিত ফ্যাসিস্ট সরকারের জুলুমের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্তমান সরকারও দীর্ঘ সময় মজলুম ছিল, কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা আগের সরকারের মতোই চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক কূটচালে লিপ্ত হয়েছে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন, সামান্য আত্মসম্মানবোধ থাকলে এত ব্যর্থতার পর কেউ পদে থাকতে পারেন না।


জামায়াত আমির আরও বলেন, আমাদের সাত দফা দাবি জনগণের দাবি। আমরা এগুলো বাস্তবায়নের পক্ষে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানকে অবমূল্যায়ন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদ যদি জাতির জন্য বোঝা হয়ে দাঁড়ায় এবং অকার্যকর হয়ে পড়ে, তবে সেই সংসদে আমরা থাকব না। সংসদের ভেতরে ও বাইরে আমাদের লড়াই অব্যাহত থাকবে।


নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।