নিজস্ব প্রতিবেদক
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫ জন শনাক্ত এবং উপসর্গ নিয়ে ১৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৯৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া তিন বছর নয় মাস বয়সী শিশু সুলেমানের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১,৯৬০ জন। এর মধ্যে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯৯৮ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৪০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুই, হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচ, মৌলভীবাজার সদর হাসপাতালে পাঁচ, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৪৯৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫, পার্কভিউ মেডিক্যালে ১৮, নর্থ ইস্ট মেডিক্যালে ১১, মাউন্ট এডোরা হাসপাতালে দুই, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২১ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৫ এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে মোট ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে সিলেটে ১০৫, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে এক ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ১০৯, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে এক শিশুর মৃত্যু ও ১৪ জন নতুন শনাক্ত হয়েছিলেন এবং উপসর্গ নিয়ে ১০৭ জন ভর্তি হয়েছিলেন।





