নিজস্ব প্রতিবেদক

রংপুর নগরীর প্রেসক্লাব বিপণি বিতান মার্কেটের সামনের সড়ক থেকে ককটেল সদৃশ রশি দিয়ে পেঁচানো একটি বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বস্তুটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মার্কেটের প্রধান ফটকের দিকে বস্তুটি ছুড়ে মারেন।


রংপুর মহানগর মেট্রোপলিটন থানার ওসি ওয়াদুদ আলম জানান, খবর পেয়ে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বস্তুটি প্রকৃতপক্ষে ককটেল, হাতবোমা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পরই বিষয়টি স্পষ্ট হবে।


রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বস্তুটি রেখে চলে যান। খবর পাওয়ার পরপরই পুলিশের পাশাপাশি এসআরবির টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও বলেন, মোটরসাইকেল আরোহীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত হওয়ায় ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।