নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল এলাকার একটি অফিসে ঢুকে গুলি চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিআইটি রোডে টিভি সেন্টারের ফুটওভারব্রিজের পাশের একটি অফিসে এ ঘটনা ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান খুদে বার্তায় জানান, পশ্চিম রামপুরার ৪৫৫ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ডিএল নেটওয়ার্ক সার্ভিসেসের কার্যালয়ে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত প্রবেশ করে। তাদের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা কার্যালয়ে ঢুকে গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, তদন্ত করছি কী কারণে গুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে জানা যাবে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটা হতে পারে, তবে এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি।’





