নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি।


গতকাল শনিবার, ২৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মুন্সিগঞ্জ সদর থানার দক্ষিণ ইসলামপুর যোগীনী ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।


এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১১ এর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হন মোঃ খালেদ হোসেন মাঝি ওরফে খালেক। তার বয়স ৪১ বছর। তিনি লক্ষ্মীপুরের রায়পুর থানার চরবংশী এলাকার মোঃ হোসেন মাঝির ছেলে।


এসআরবি জানায়, ২০২৪ সালের ৩ মার্চ লক্ষ্মীপুরের রায়পুর থানায় দায়ের করা মাদক মামলায় তিনি সাজাপ্রাপ্ত। মামলা নম্বর ০৪। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেদ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবি জানিয়েছে, মাদকবিরোধী ও পলাতক আসামি গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।