কুমিল্লায় আ’লীগের সঙ্গে বিএনপি-জামায়াত-পুলিশের সংঘর্ষ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি, জামায়াত ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছে আগুন দিয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ রাখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের অনুসারীরা শনিবার রাত পৌনে ১০টার দিকে লাঠিসোটা নিয়ে হঠাৎ সড়কে নেমে আসেন। তাঁরা মহাসড়কে টায়ার ও গাছে আগুন ধরিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে রাত পৌনে ১১টা পর্যন্ত মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সড়কে অবস্থান নেন। একপর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ এবং বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
যানবাহনের চালকদের অভিযোগ, বিক্ষোভের সময় ছাত্রলীগের কর্মীরা কয়েকটি পণ্যবাহী গাড়ির কাচ ভাঙচুর করেন এবং কয়েকটি গাড়ির চাবি ছিনিয়ে নেন।
এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়া বিজিবির নায়েক সুবেদার মুকবুল হোসেন এ তথ্য জানান।
চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসাইন বলেন, ‘বেশ কিছু দুষ্কৃতকারী সড়কে নাশকতার চেষ্টা করেছিল। পুলিশ তাদের প্রতিহত করে সড়ক থেকে বিতাড়িত করেছে।’ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





