নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি সফল করতে দলটির নেতাকর্মী ও সমর্থকরা গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখায় হামলা চালান।
হামলাকারীরা ব্যাংকের ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করেন। এরপর তারা ব্যাংকের ভেতরে থাকা নথিপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেন। দক্ষিণ জলিরপাড় গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের এই শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। স্থানীয় গণমাধ্যমকর্মী শহিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





