নিজস্ব প্রতিবেদক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে একটি জাপানি কনসোর্টিয়াম। এই চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
রোববার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানান, দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং আইনগত যাচাই-বাছাই শেষে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে। চুক্তি অনুযায়ী, শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের দিন থেকে ১৫ বছরের মেয়াদ গণনা শুরু হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে পরিচালনার নির্ধারিত এলাকা জাপানি কনসোর্টিয়ামের কাছে হস্তান্তর করা হবে। এরপর আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ এবং ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজ খরচে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি-রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক কার্যক্রম যেমন—রানওয়ে, ট্যাক্সিওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি সংস্থার ওপর ন্যস্ত থাকবে।
রাজস্ব ভাগাভাগি প্রসঙ্গে জানানো হয়, যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে প্রদান করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছালে বেবিচকের এই রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে। এছাড়া বহির্গামী আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে ১২ দশমিক ৫ ডলার এমবার্কেশন ফি নির্ধারণ করা হয়েছে, যা টিকিটের দাম কিছুটা বাড়িয়ে দিতে পারে বলে বেবিচক চেয়ারম্যান উল্লেখ করেন।
যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে বিভিন্ন কর্মদক্ষতার সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে। বিমান অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ ব্যাগ যাত্রীর কাছে পৌঁছানোসহ চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেবার মান পূরণে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার ডলার পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এতে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টারসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






