নিজস্ব প্রতিবেদক
পাবনার বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার ভোরে বেড়া মডেল থানায় হামলা, ককটেল নিক্ষেপ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোর চারটার দিকে সংঘটিত এই ঘটনায় দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র, ফালা ও বল্লম নিয়ে আক্রমণ চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের প্রতিহত করে।
বেড়া থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নতুন করে সহিংসতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে শনিবার রাতে গ্রেপ্তার হওয়া মহিলা লীগের চার কর্মীকে ভোর ছয়টার মধ্যে মুক্তি না দিলে বড় ধরনের নাশকতার হুমকি দেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি ডাকবাংলা এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে অগ্রসর হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানায় ককটেল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
থানা এলাকা থেকে পিছু হটার পর হামলাকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশের এলাকায় মশাল মিছিল ও অগ্নিসংযোগ করে। এ সময় পাবনা-ঢাকা রুটের ‘আলহামরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের জানালা ভাঙচুর করা হয়।
বেড়া থানার ওসি (তদন্ত) রাশিদুল ইসলাম জানান, শনিবার বিকেল চারটার পর কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগের কর্মীরা মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। এরপর রাতে পুলিশ অভিযান চালিয়ে চার মহিলা কর্মীকে গ্রেপ্তার করে। রাত ১০টার দিকে থানা সংলগ্ন শম্ভুপুর মহল্লার একদল নারী থানা গেটে বিক্ষোভ করেন এবং ১৯ নভেম্বর দায়ের করা থানা আক্রমণ ও ভাঙচুর মামলার আসামিদের মুক্তির দাবি জানান। সে সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিক শহীদ খালেক স্টেডিয়াম ও থানা গেটের সামনে জড়ো হয়ে নাশকতাবিরোধী বিক্ষোভ ও স্লোগান দেন।






