নিজস্ব প্রতিবেদক
রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দল আন্তরিক সহযোগিতা করবে। এর বাইরে কোনো ঐক্য বা সহযোগিতার সুযোগ নেই।
শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকেই সবকিছু ভুলে গিয়ে আওয়ামী স্টাইলে জুলুম, চাঁদাবাজি, দখল-বাণিজ্য ও দুর্নীতির পথ বেছে নিয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারের একজন মন্ত্রী সংসদে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ হিসেবে অভিহিত করেছেন, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। তিনি আরও বলেন, দেশের যুবসমাজ যে পরিবর্তন চেয়েছিল, তার অংশীদার মাদ্রাসার শিক্ষার্থীদের আজ কোনো মূল্যায়ন নেই, যা অত্যন্ত দুঃখজনক।
প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর আমির বলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, স্বৈরাচারের দোসরদের সঙ্গে আঁতাত ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। সরকার নিজেদের গদি ঠিক রেখে সব অপকর্ম করবে আর বিরোধী দল তাদের চৌকিদার বা লাঠিয়ালের ভূমিকা পালন করবে—বিরোধী দল এত বোকা নয়।
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের বিষয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করতে হবে। সরকার বিপ্লবের পক্ষে থাকলে তারা সংলাপে অংশ নেবেন, অন্যথায় সরকার অস্তিত্ব সংকটে পড়বে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মীয়াজী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার ও জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সভায় উপস্থিত ছিলেন।






