নিজস্ব প্রতিবেদক

৮ ডিসেম্বর আটপাড়া মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে নেত্রকোণার আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর।


সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম,উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ,উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির (অবসরপ্রাপ্ত সার্জেন্ট) সাইকুল ইসলাম, আটপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হোসেইন প্রমুখ।


বক্তারা আসন্ন তিনটি জাতীয় ও স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


​এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।