নিজস্ব প্রতিবেদক

আগামী মার্চের পর খোলাবাজার বা স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) না কেনার পরিকল্পনা করছে সরকার। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদি আমদানি চুক্তি না করায় প্রায় ৫৫টি এলএনজি কার্গো বাতিল করতে হয়েছে। ফলে সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হয়েছে সরকারকে।


প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর রোববার এই কথা জানান। তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বাড়তি ব্যয় বহন করছে। তবে আমদানিনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।


রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নীতি-করণীয়’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এই গবেষণা করেছে।


কার্গো বাতিলের কারণ ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা বলেন, ‘পুরো ভূরাজনৈতিক ও ভূঅর্থনৈতিক পরিস্থিতি এখন চ্যালেঞ্জের মুখে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে চুক্তিগুলো করা উচিত ছিল। তা না হওয়ায় প্রায় ৫৫টি কার্গো বাতিল করতে হয়েছে। ৫৫টি কার্গো বাতিল হলে কী পরিস্থিতি তৈরি হয়, তা সহজেই বোঝা যায়।’


তিনি বলেন, ‘এরপরও আমরা আমদানির চেষ্টা করেছি। ফলে স্পট মার্কেটের দিকে ঝুঁকতে হয়েছে। তবে পরিকল্পনা করছি, মার্চের পর আর এই বাজারে যাব না।’


তিতুমীর বলেন, কৃষক, পরিবার, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বাড়তি ব্যয় করছে। তবে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না। নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সরবরাহের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষা এবং ভর্তুকি ও ক্যাপাসিটি পেমেন্টের চাপ নিয়ন্ত্রণে রাখাও জরুরি।


জ্বালানি খাত পুনর্গঠনে প্রধানমন্ত্রীর অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আমদানি ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানির উৎসে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে দুই ধাপে ৩০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।


অর্থ উপদেষ্টা জানান, প্রথম পর্যায়ে ১৫০টি কূপ খননের মাধ্যমে দৈনিক ১৭৪ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ২০৩১ থেকে ২০৪০ সালের মধ্যে আরও ১৫০টি কূপ খনন করা হবে।


দেশীয় গ্যাসের সরবরাহ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে দৈনিক গ্যাসের স্বাভাবিক চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। মঙ্গলবার সরবরাহ করা হয়েছে ২৬৫ কোটি ৭০ লাখ ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে ১৬০ কোটি ৫০ লাখ এবং আমদানি করা এলএনজি থেকে ১০৫ কোটি ২০ লাখ ঘনফুট।


বাপেক্সের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি শেভরনের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান তিতুমীর। তাঁর ভাষ্য, বাপেক্সের অনুসন্ধান কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের দক্ষতা অর্জনের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।


সমুদ্রে গ্যাস অনুসন্ধানে ২৬টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৩১ মার্চ দরপত্র জমা দেওয়ার শেষ সময়। স্থলভাগে অনুসন্ধান বাড়াতেও উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) মডেল চূড়ান্ত করা হবে।


এ ছাড়া মহেশখালীর কুতুবজোমে দৈনিক ৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির উদ্যোগ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে। দৈনিক ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল ২০৩০ সালের মধ্যে নির্মাণের লক্ষ্য রয়েছে।


ভোলা-বরিশাল ও বরিশাল-খুলনা গ্যাস সঞ্চালন লাইন ২০২৯ সালের মধ্যে নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ফুলবাড়ী, বড়পুকুরিয়া, দীঘিপাড়া ও জামালগঞ্জের কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে।


তিতুমীর বলেন, জনগণের সম্পদের ওপর জনগণের অধিকার রয়েছে। কয়লা উত্তোলনের উদ্যোগ জনগণের মালিকানার ভিত্তিতে এগিয়ে নিতে চায় সরকার।


জ্বালানির উৎসে বৈচিত্র্য আনতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে।


তিতুমীর বলেন, অর্থনৈতিক রূপান্তরের নতুন চালিকাশক্তি হবে সৌরবিদ্যুৎ। পাকিস্তানে সাধারণ মানুষের উদ্যোগে সৌরবিদ্যুতের প্রসারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশেও বিদ্যুতের গ্রাহকদের উৎপাদকে পরিণত করতে চায় সরকার।


সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির আমদানি শুল্ক ৬৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। অগ্রিম আয়করও ১৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে সরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে এই খাতে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।


দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা ২৯ হাজার ১৪৩ মেগাওয়াট। শিল্পকারখানার নিজস্ব বা ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রসহ এই সক্ষমতা ৩২ হাজার ৮১৫ মেগাওয়াট। তবে জ্বালানির অভাবে প্রায় ১৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে জানান অর্থ উপদেষ্টা।


তিনি বলেন, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের তাপীয় দক্ষতা ৩০ থেকে ৩২ শতাংশ। আধুনিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে তা ৫৫ থেকে ৬০ শতাংশ। নির্ভরযোগ্য গ্রিড সরবরাহ নিশ্চিত করে শিল্পকারখানার ক্যাপটিভ বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। এ ছাড়া ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।


বড় জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করে দেশের বাজারে দাম কমানোর চেষ্টা চলছে বলে জানান তিতুমীর। তিনি বলেন, বিগত সরকারের সময়ে এলপিজি খাতে গোষ্ঠীকেন্দ্রিক ব্যবসায়িক ব্যবস্থা গড়ে উঠেছিল। যুক্তরাষ্ট্রে উদ্বৃত্ত এলপিজি থাকায় সেখান থেকে বড় জাহাজে আমদানির সুযোগ কাজে লাগাতে চায় সরকার।


মহেশখালী, মাতারবাড়ী, মোংলা ও বাগেরহাটে এলপিজি টার্মিনাল ও ট্যাংক টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া এলেঙ্গয়ায় সংরক্ষণ ও বোতলজাতকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন র‌্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ।