নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিজামউদ্দিন মৃধা (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত নিজামউদ্দিন শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন নিজামউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনাটি জাজিরার নাওডোবা এলাকায় ঘটেছে। শিবচরের বাসিন্দা নিজামউদ্দিন গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান। ঘটনাস্থল জাজিরা থানার আওতাধীন হওয়ায় ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের টেকেরহাট, শিবচরের কাঠালবাড়ী ও সদর উপজেলার মস্তফাপুরসহ বিভিন্ন স্থানে ভোর ৪টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচর অংশের কাঠালবাড়ী থেকে পদ্মা সেতু পর্যন্ত এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিল ও অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এর আগে শনিবার রাত ১২টার পর মাদারীপুর সদরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা শাজাহান খান ও বাহাউদ্দীন নাছিমের নামে যৌথ ব্যানারে মশাল মিছিল বের করা হয়। কালকিনি উপজেলার কয়ারিয়া ও সাহেবরামপুরসহ বিভিন্ন স্থানেও বিক্ষোভ হয়। এসব কর্মসূচির বিপরীতে বিএনপিসহ কয়েকটি দলের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন।


এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী (৩৪) নামের যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ্জাক উদ্দিন নামের ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সেখানেও পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।