নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রমে অগ্রগতি হয়েছে। রোববার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ দুই অপ্রাপ্তবয়স্ক আসামির চার্জ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের বিচারক মো: ইয়াসির আরাফাত আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে ওইদিন সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।


গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় দুই অপ্রাপ্তবয়স্ক আসামি সশরীরে আদালতে উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চ্যুয়ালি চার্জ গঠন করা হয়েছে। শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি মো: বদিউল আলম সুজন জানান, দুই অপ্রাপ্তবয়স্ক আসামি সংশোধনাগারে থাকায় ভার্চ্যুয়ালি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং আগামী ১৪ ডিসেম্বর সাক্ষ্য উপস্থাপনের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।


মামলার বাদি ও অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সে অনুযায়ী বিচার সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়া বিচারক অনুপস্থিত থাকায় প্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি এদিন অনুষ্ঠিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।


উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে নিখোঁজ হওয়ার পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপ্রতিমের বাবা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। গত ২০ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়। পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল।