নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরো সুসংহত করতে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের ওপর জোর দিয়ে ঢাকায় তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা শুরু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করা হয়।


সার্ক কৃষি কেন্দ্র, ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস) এবং হারভেস্টপ্লাস সলিউশন্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালা চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। এতে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।


উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো: আবদুছ সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, বিমসটেক ও অন্যান্য অগ্রাধিকারবিষয়ক অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: খোরশেদ আলম। এ ছাড়া সম্মানিত অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং সার্ক উন্নয়ন তহবিলবিষয়ক পরিচালক তানভীর আহমদ তরফদার।


স্বাগত বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো: গোলাম মাহবুব কৃষি গবেষণার অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং পুষ্টিসংবেদনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতার অপরিহার্যতা উল্লেখ করেন। কর্মশালার লক্ষ্য ও কর্মসূচি উপস্থাপন করেন কেন্দ্রটির ফসলবিষয়ক সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. সিকান্দার খান তানভীর।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) বাংলাদেশ পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ। ‘দক্ষিণ এশিয়ার পুষ্টি সমস্যা মোকাবিলায় পুষ্টিসমৃদ্ধ ফসল: একটি কৌশলগত পথ’ শীর্ষক ওই প্রবন্ধে তিনি অণুপুষ্টির ঘাটতি পূরণ এবং সাধারণ মানুষের পুষ্টিমান উন্নয়নে পুষ্টিসমৃদ্ধ ফসলের ভূমিকা তুলে ধরেন।


কর্মশালায় আরো বক্তব্য দেন হারভেস্টপ্লাস সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র গ্রোভার এবং কাজাখস্তানের আস্তানাভিত্তিক ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটির মহাপরিচালক রাষ্ট্রদূত বেরিক আরিন। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে তারা আঞ্চলিক অংশীদারত্ব, যৌথ গবেষণা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন।


দক্ষিণ এশিয়ায় পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন ও বিস্তার বৃদ্ধি, বৈজ্ঞানিক জ্ঞান আদান-প্রদান এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করাই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য। প্রচলিত উদ্ভিদ প্রজননসহ নানা বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে ফসলের পুষ্টিগুণ বাড়ানো সম্ভব, যা আয়রন ও জিঙ্কের মতো অপরিহার্য অণুপুষ্টির ঘাটতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। আগামী দুই দিনে কর্মশালার অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয়ায় পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের সম্ভাবনা, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় কৌশল নিয়ে কারিগরি আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেবেন।