নিজস্ব প্রতিবেদক

পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে বিভেদ-বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, একমাত্র কোরআনই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। এই ঐক্য দেশ ও জাতির জন্য শক্তিশালী রক্ষাকবচ হয়ে উঠতে পারে।


শনিবার বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাহফিলে আজহারী কোরআনের শিক্ষা ব্যক্তিগত জীবনে ধারণ করার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শুধু নিজের মুক্তি কিংবা জান্নাত লাভের চিন্তা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং নিজের পাশাপাশি অন্যদেরও সত্যের পথে আহ্বান জানাতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে।


সূরা আল-ওয়াকিয়ার ব্যাখ্যায় কেয়ামতের স্মরণ


মাহফিলে সূরা আল-ওয়াকিয়ার প্রথম আয়াত ‘ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ’-এর ব্যাখ্যা তুলে ধরেন আজহারী। তিনি বলেন, আল-ওয়াকিআহ অর্থ এমন এক অবশ্যম্ভাবী মহা ঘটনা, যা সংঘটিত হওয়া নিশ্চিত। নির্ধারিত সময়ে কেয়ামত সংঘটিত হবে। কোনো শক্তি তা ঠেকাতে পারবে না কিংবা পিছিয়ে দিতে পারবে না।


তিনি আরও বলেন, পবিত্র কোরআনে কেয়ামতকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। এসব নামের মাধ্যমে কেয়ামতের ভয়াবহতা ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। তাই পরকালীন জবাবদিহির প্রস্তুতি নিয়ে মানুষের জীবন পরিচালনা করা উচিত।


মাহফিলে উপস্থিত ছিলেন মন্ত্রী ও রাজনৈতিক নেতারা


ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।


এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সংসদ সদস্য শফিকুল হক মিলন, ডা. আব্দুল বারী সরদার, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


মাহফিলে প্রধান আলোচক হিসেবে আজহারী রাত ৮টার পর বক্তব্য শুরু করেন। এতে রাজশাহী মহানগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নারীদের জন্যও পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছিল। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হয়।


মাহফিল ঘিরে ৬৫ নারী আটক, পকেটমারির অভিযোগ


এদিকে আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছিলেন। বিপুল মানুষের সমাগমকে কাজে লাগিয়ে পকেটমারি করার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটক নারীদের বেশির ভাগের বাড়ি মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পকেটমারি ও প্রতারণার উদ্দেশ্যে রাজশাহীতে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।


অন্যদিকে আটক নারীদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তাদের বাইরে আরো কেউ এ ধরনের অপরাধে জড়িত কি না, তা শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত ছিল।


মাহফিলের আগে আট বিভাগে আয়োজনের ঘোষণা


একই সঙ্গে মাহফিলগুলো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, মাহফিলের সাফল্য শুধু মানুষের উপস্থিতি কিংবা আয়োজনের বিশালত্বের ওপর নির্ভর করে না। বরং কোরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কাজে প্রতিফলিত হলেই এর প্রকৃত সার্থকতা আসে।