স্টাফ রিপোর্টার

৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।


রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ প্রজ্ঞাপন (গেজেট) প্রকাশ করা হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুসারে নবম গ্রেডে (৪৪০০০-১০৫৯০০ টাকা বেতনক্রমে) তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।


এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এবারের নিয়োগে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ২৬৬ জন, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ৭৬ জন এবং সহকারী কর কমিশনার পদে ৩৮ জনসহ বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।


উল্লেখ, বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি), যার বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে। পরবর্তীতে ২০২৪ সালের ৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হলে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন।


লিখিত পরীক্ষা ২০২৫ সালের ৮ থেকে ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের দাবির মুখে তা স্থগিত করা হয়। পরে ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয় এবং ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে ৪ হাজার ৪২ জন উত্তীর্ণ হন। চলতি বছরের ১৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা শেষে ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। চূড়ান্ত ফলাফলে ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।