সংসার চালানোর ৮০ শতাংশ শক্তি থাকে নারীদের হাতে: অনুপম খের
কলকাতা প্রতিনিধি
কলকাতা সফর করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। একটি নাটকে অভিনয় ও মঞ্চস্থ করার উদ্দেশ্যে শহরে পৌঁছানোর পর রোববার সকালে তিনি কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর পূজা দেন। এ সময় মন্দির চত্বর ও রাস্তায় ভক্তদের সঙ্গেও সময় কাটান তিনি; এক ভক্তের আবদারে রাস্তার মাঝে তাকে জড়িয়ে ধরেন এই অভিনেতা।
কালীঘাট মন্দির থেকে পূজা সেরে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুপম খের। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে অনুপম বলেন, রাজ্যের মানুষ হাসিখুশি রয়েছেন এবং সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। পাশাপাশি রাজ্যে রাজনৈতিক পালাবদলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আঁধার কাটিয়ে বদলের বঙ্গে আলো ফুটেছে’। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি শুভেচ্ছাও জানান এই অভিনেতা।
নারীশক্তির ক্ষমতায়ন ও মহিলা সংরক্ষণ বিলের পক্ষে জোরালো অবস্থান নেন অনুপম খের। সাংবাদিকদের তিনি বলেন, এই বিল আনা অত্যন্ত জরুরি ছিল এবং এটি পাস হওয়া প্রয়োজন।
পরিবারে নারীদের ভূমিকার কথা তুলে ধরে অনুপম খেরের ভাষ্য, ‘আমাদের বাড়িতে নারীদের মাত্র ৩৩ শতাংশ শক্তি দেওয়া হয় না। সংসার চালানোর ৮০ শতাংশ শক্তিই তাদের হাতে থাকে। মা সবকিছু করেন। স্ত্রী সবকিছু করেন। আমার মনে হয়, এই বিল পাস হওয়া খুব জরুরি। এই বিলটা পেশ হয়ে যাওয়ার মতো ভালো আর কিছুই হতে পারে না।”
অনুপম খেরের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে মহিলা সংরক্ষণ বিল ও লোকসভার আসন পুনর্বিন্যাস ঘিরে তৎপরতা চলছে। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, রোববার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে লোকসভার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে কৌশল নির্ধারণে বিকেলে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকও নির্ধারিত রয়েছে।






