উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় রাহাত মৃধা নামে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা।


ঘোষণাপত্রে ওই বাবা ইদ্রিস মৃধা উল্লেখ করেছেন, রাজনীতি করার কারণে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।


রোববার বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ত্যাজ্য ঘোষণা দেওয়া হয়।


জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ি গ্রামের ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার পতনের পর থেকে তিনি রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত হন। ছেলের এসব কর্মকাণ্ডে সামাজিক ও পারিবারিকভাবে অতিষ্ঠ হয়ে বাবা ইদ্রিস মৃধা বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে তাকে ত্যাজ্য ঘোষণা করেন। ওই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ছেলে রাহাত মৃধা তার অবাধ্য হওয়ায় তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হলো।


রাহাত মৃধার বাবা ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’


অন্যদিকে, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মৃধা বলেন, ‘আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকেই জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।’