নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনায় ছাত্রদলের এক নেতাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।


রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে শহরের সাতপাই এলাকার কেডিসি রোডসংলগ্ন কার্যালয়ের সামনে এসব সামগ্রী ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।


হুমকির শিকার ছাত্রদল নেতা আমিরুল ইসলাম নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাবা আকরাম হোসেন সাতপাই এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘটনাটি জানার পর আমিরুল নিজেই কার্যালয়ে যান। খবর পেয়ে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


চিরকুটে আমিরুলকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপর তাঁকে শহরের মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে মারধর এবং ছয়টি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁর বাড়ি নেত্রকোনা থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিরকুটের নিচে ‘সর্বহারা গ্রুপ’ লেখা রয়েছে। এতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ আরও দুটি স্লোগান উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম। সেই কারণে পতিত ফ্যাসিস্টের লোকজনই এই কাজ করেছে। চিরকুটে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’


এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। তিনি দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আমিরুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।