মাহবুবুর রহমান আঙ্গুর বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও মাদক-আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় বীরগঞ্জের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল হাশেম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম এবং দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ। সমাবেশটি সঞ্চালনা করেন মহিবুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা ও ইউনিয়ন শাখার সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় জনগণের রায়। এই রায় বাস্তবায়নে আর কোনো কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে মূল্যবৃদ্ধি বন্ধের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সমাজে অস্থিরতা বাড়ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।






