প্রতিনিধি
ভারতে সংবিধান সংশোধন বিলে সমর্থন না দেওয়ার অনুরোধ নিয়ে শেষ বেলায় চেন্নাই ও মুম্বাই গেলেন বিরোধী জোট ইন্ডিয়া–এর নেতৃত্ব। মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়েরা আজ রোববার দুপুরে দেখা করেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের সঙ্গে। রাতে তাঁরা যাবেন মুম্বাইয়ে, এনসিপি নেতা শারদ পাওয়ারকে বোঝাতে। দুই নেতাকে অনুরোধ করবেন প্রস্তাবিত বিলে সমর্থন না দিতে। দুই দলই গত শনিবার লোকসভা ও বিধানসভার আসন বৃদ্ধি, মহিলা আসন সংরক্ষণ ও সীমানা পুনর্বিন্যাস বিলে সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
সোমবার বসছে লোকসভার দুই দিনের বিশেষ অধিবেশন। সেখানেই প্রথমে ওই সংবিধান সংশোধন বিল পেশ করা হবে। মঙ্গলবার বিতর্ক শেষে তাতে ভোট হবে। বুধ ও বৃহস্পতিবার এই বিল পাস করাতে বসবে রাজ্যসভার অধিবেশন। সংবিধান সংশোধন বিল পাস করাতে দুই কক্ষেই উপস্থিত সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। সাত মাস আগে এই বিল সেই সমর্থন অর্জন করতে পারেনি। এবার অবশ্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ একশ ভাগ নিশ্চিত। যদিও শেষ বেলায় শেষ চেষ্টায় নেমেছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদলে কর্নাটক, তেলেঙ্গানা ও কেরলমের তিন কংগ্রেসি মুখ্যমন্ত্রীসহ উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস, এসপি ও আরজেডির নেতারাও।
চেন্নাই রওনা হওয়ার আগে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, ‘আমরা ইন্ডিয়া জোটের পক্ষে চেন্নাই যাচ্ছি। ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বলব। বিলের বিরোধিতা করার অনুরোধ জানাব।’ ওই পোস্টেই তিনি স্ট্যালিনের প্রশংসা করে বলেন, তামিলবিরোধী শক্তির বিরুদ্ধে স্ট্যালিন সর্বদা রুখে দাঁড়িয়েছেন। লড়াই করেছেন। তামিলনাড়ু ও দেশের স্বার্থে আমরা সংবিধান রক্ষা করবই। সবাই মিলে এই বিল পরাস্ত করব।
সেই পোস্টের জবাবে রাজ্যের স্বার্থরক্ষার জন্য ডিএমকের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ‘ভাই’ রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন স্ট্যালিন। সামাজিক যোগাযোগমাধ্যমেই তিনি লিখেছেন, ‘রাজ্যের জনগণের কথা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিই। এই পথ থেকে আমরা সরব না। ইতিহাস আমাদের বীর যোদ্ধা হিসেবেই মনে রাখবে বলে আমি আশাবাদী, বিশ্বাসঘাতক হিসেবে নয়।’
বিধানসভার ভোটের ফল বেরোনোর পর গত ছয় মাস কংগ্রেসের সঙ্গে স্ট্যালিনের বাক্যালাপ হয়নি। ডিএমকের সঙ্গ ত্যাগ করে টিভিকের যোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী হতে সমর্থন করায় ডিএমকে–কংগ্রেস দূরত্ব বেড়ে যায়। ইন্ডিয়া জোটও ছেড়ে দেন স্ট্যালিন। সেই থেকে তাঁর মানভঞ্জনে সচেষ্ট হয়নি কংগ্রেস। ডিএমকের মন পেতে সেই থেকে সক্রিয় হয় বিজেপি। সংসদের আসন বাড়ানোর ক্ষেত্রে আপত্তির জায়গা নিয়ে কথা বলে বিজেপি নেতৃত্ব ক্রমেই স্ট্যালিনের মন জেতেন। নরেন্দ্র মোদি ও অমিত শাহ তাঁকে বোঝান, তামিলনাড়ুর সদস্যসংখ্যা কমবে না। বরং এখন যে অনুপাত রয়েছে, সেটাই থাকবে। আসনসংখ্যাও অন্য সব রাজ্যের মতো দ্বিগুণ হবে। ৩৯ থেকে বেড়ে হবে ৫৯।
বৃহত্তর বিপদের দিকে না তাকিয়ে স্ট্যালিন ওই বৃদ্ধি মেনে নেন। গত শনিবার সে দলের পক্ষ থেকে সেই কথা জানিয়েও দেওয়া হয়। ডিএমকের সাংসদেরা শনিবার অমিত শাহর বাসভবনে গিয়ে দেখাও করেন। শেষ বেলায় ‘ইন্ডিয়া’ জোটের এই দৌত্যে কতটা কাজ হবে, সে বিষয়ে সন্দেহ যথেষ্টই।
সন্ধ্যায় চেন্নাই থেকে ইন্ডিয়া জোট নেতৃত্ব মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যাবেন, যেখানে শারদ পাওয়ার চিকিৎসাধীন। সেখানে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেরও যোগ দেওয়ার কথা।
ডিএমকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব সৃষ্টি হলেও শারদ পাওয়ারের দল এনসিপির সঙ্গে ইন্ডিয়া জোটের কোনো বিরোধ এ পর্যন্ত দেখা যায়নি। শারদকন্যা সুপ্রিয়া সুলে ইন্ডিয়া জোটের প্রতিটি বৈঠকে উপস্থিত থেকেছেন। আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন। কেউই বিন্দুমাত্র বুঝতে দেননি, শেষ বেলায় তাঁরা সংবিধান সংশোধন বিলে সমর্থন দিতে পারেন। সেই অর্থে ডিএমকের সমর্থন যদি প্রত্যাশিত হয়, এনসিপির সিদ্ধান্ত ততটাই অপ্রত্যাশিত।
গত শনিবার সেই অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার পর মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে শারদ পাওয়ারকে ‘জলের বাইরের মাছ’ বলে আক্রমণ হেনে বলেন, ৮৫ বছরের এই নেতার ইতিহাসই হলো পিঠে ছুরি মারার। সব সময় পিঠে ছুরি মেরে তিনি সুবিধা নিয়েছেন। এবারও তাই করছেন। উনি জলের মাছ। জল ছাড়া বাঁচতে পারেন না। রোববার ইন্ডিয়া নেতৃত্বে শারদের কাছে যাচ্ছেন খবর পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, শারদ পাওয়ার যদি আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন না করেন, তাহলে তিনি তাঁর পায়ে মাথা রেখে ক্ষমা চাইবেন। এমনকি পাওয়ার বললে রাজনীতিও ছেড়ে দেবেন।
ইন্ডিয়া জোটের শেষবেলার এই প্রচেষ্টা কতটা সফল হবে, সে বিষয়ে সংশয় যথেষ্ট। সোমবার লোকসভায় যে বিল পেশ হবে তাতে লোকসভার মোট আসন বেড়ে ৫৪৩ থেকে বেড়ে হবে ৮৫০। এর মধ্যে রাজ্যগুলো থেকে আসবে ৮১৫ জন, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে ৩৫ জন। প্রতিটি রাজ্যের বিধানসভা আসনসংখ্যা বর্তমান সংখ্যার ৫০ শতাংশ বাড়বে। সেই আসনের এক–তৃতীয়াংশ সংরক্ষিত হবে নারীদের জন্য। সংশোধিত এই আসন ও তাদের সীমানা পুনর্বিন্যাস ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে। বিরোধীদের অভিযোগ, জম্মু–কাশ্মীর ও আসামে যেভাবে বিজেপির সুবিধামতো আসন পুনর্বিন্যাস ঘটানো হয়েছে, সারা দেশেই সেভাবে সীমানা নির্ধারণ করা হবে। সেই কাজে সহায়ক থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।






