নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা শেষে খ্যাতিমান স্থপতি রফিক আজমের ‘রফিক আজম: ওল্ড ঢাকা – নিউ স্টোরি: আর্কিটেকচার ইন বাংলাদেশ’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২৮ নভেম্বর ঢাকার আগা খান একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে ২৭ ও ২৮ নভেম্বর ‘কানেক্টিং ক্রিয়েটিভিটি’ শীর্ষক দুই দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সেলিব্রেশন ফর অল থ্রু আর্কিটেকচার’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি ২০ জনেরও বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথি অংশ নেন। এর আগে অস্ট্রেলিয়া, জাপান, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ও স্পেন—এই আটটি দেশে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছিল। প্রকাশনা প্রতিষ্ঠান রিজোলি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এবং রোজা মারিয়া ফালভোর সম্পাদনায় বইটিতে স্থাপত্যের সঙ্গে ঐতিহ্য, সংস্কৃতি, জলবায়ু ও প্রতিবেশের সম্পর্ক তুলে ধরা হয়েছে।
বইটি সম্পর্কে স্থপতি রফিক আজম বলেন, ‘আমি পুরান ঢাকায় বড় হয়েছি। আমাদের পরিবারের উঠান আমাকে শিখিয়েছে, ঘনবসতিপূর্ণ শহরেও একটি বাড়িতে সবুজের জন্য জায়গা এবং ব্যক্তিগত পরিসর রাখা সম্ভব। সেই শিক্ষাই আমি আমার কাজে ধারণ করেছি। বইটির আন্তর্জাতিক যাত্রা শেষে ঢাকায় এর মোড়ক উন্মোচন আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই আমার গল্পের শুরু হয়েছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির গ্লোবাল কো-অর্ডিনেটর স্থপতি ও পরিকল্পনাবিদ ফরহাদুর রেজা প্রবাল। এছাড়া বইটির ঢাকার প্রকাশনা অনুষ্ঠানের সমন্বয়ক জালাল আহমেদ, গ্লোবাল অ্যাডভাইজার দুর্জয় রহমান এবং শুভেচ্ছাদূত স্থপতি জান্নাত জুঁই বক্তব্য রাখেন। জান্নাত জুঁই ফালভোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করেন। জান্নাত জুঁই ‘জান্নাত জুঁই আর্কিটেক্টস’-এর প্রতিষ্ঠাতা এবং ‘শাশ্বত – আর্কিটেকচার ফর গ্রিন লিভিং’-এর অংশীদার।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বিশিষ্ট স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস। তিনি রফিক আজমকে ‘টোটাল আর্কিটেক্ট’ ও বাংলাদেশে সবুজ স্থাপত্যের পথিকৃৎ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে বাংলাদেশের স্থপতিদের মধ্যে জালাল আহমেদ, মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, সায়কা ইকবাল মেঘনা ও খন্দকার হাসিবুল কবির উপস্থিত ছিলেন।
প্রকাশনা অনুষ্ঠানে রফিক আজমের লেখক-উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিটুইন লাইট অ্যান্ড আর্থ’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া ‘আরএটিবি ২০২৬’ ও ‘ওয়াটার অ্যাজ লাইফ’ উদ্যোগের পুরস্কার বিতরণ করা হয়। ২৭ নভেম্বরের আলোচনায় জান্নাত জুঁই, ইফতেখার আবদুল্লাহ, ফাওয়াদ সুহাইল আব্বাসি, তান লোকে মুন, এজাজ আহেদ, মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, তাকাহারু তেজুকা ও ইউই তেজুকা অংশ নেন। ২৮ নভেম্বরের দ্বিতীয় অধিবেশনে বক্তা ছিলেন বিজয় রামচন্দ্রন, সায়কা ইকবাল মেঘনা, খন্দকার হাসিবুল কবির ও মাধুরা প্রেমাতিল্লেকে।
বর্তমানে বিশ্বের প্রায় ৭০টি দেশে বইটি পাঠানো হয়েছে। এছাড়া নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট, লন্ডনের টেট মডার্ন এবং প্যারিসের সেন্টার পম্পিদুসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বইটি পাওয়া যাবে।






