নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল বর্তমানে এক গভীর ভূ-রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সমুদ্রপথের অবরোধ থেকে শুরু করে অবরুদ্ধ শহর ও ধ্বংসপ্রাপ্ত কৃষিজমি—এই অঞ্চলের বড় একটি অংশ কাঠামোগত সংকটের শিকার। হরমুজ প্রণালীর মতো ভৌগোলিক সীমাবদ্ধতা স্থানীয় সংঘাতকে বৈশ্বিক সংকটে রূপান্তর করছে, যা গণতান্ত্রিক পুনরুদ্ধারের পথকে রুদ্ধ করে দিয়েছে।


অবিরাম রক্তপাতে ক্ষতবিক্ষত এই ভূখণ্ডে ইউরোপ-আমেরিকার গৎবাঁধা ‘গণতন্ত্রীকরণ’-এর বয়ানকে অনেক ক্ষেত্রে মনোযোগ সরানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে প্রকৃত গণতান্ত্রিক পুনর্জাগরণ ঘটাতে হলে বাইরের দেশ থেকে আমদানিকৃত ছক ভেঙে বেরিয়ে আসতে হবে এবং নিজস্ব বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য ও সমঝোতার দেশীয় কৌশলগুলোকে পুনরুদ্ধার করতে হবে।


দীর্ঘস্থায়ী বাহ্যিক নির্ভরশীলতা ও গণতান্ত্রিক ঘাটতির কারণে নব্য-উদারবাদী প্রেসক্রিপশনগুলো এই অঞ্চলে কার্যকর হয়নি। বরং এগুলো ক্ষমতার অসম কাঠামোকে শক্তিশালী করেছে, যার মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বর্তমানে পশ্চিমা দেশগুলো গণতন্ত্র প্রসারের চেয়ে অভিবাসন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা লক্ষ্যকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং এমন সব শাসকগোষ্ঠীকে অর্থায়ন করছে, যারা তাদের স্বার্থ রক্ষা করছে।


সুইডেনের গোথেনবার্গে অবস্থিত ‘ভ্যারাইটিস অব ডেমোক্রেসি’ (ভি-ডেম) ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৭৪ শতাংশ মানুষ স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে বসবাস করছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলটি বর্তমানে বিশ্বের সবচেয়ে স্বৈরতান্ত্রিক অঞ্চল হিসেবে চিহ্নিত, যেখানে ৯০ শতাংশের বেশি মানুষ রুদ্ধদ্বার বা নির্বাচনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অধীনে রয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, লেবানন ও সিরিয়ার সংঘাত, ইয়েমেনের অবরোধ এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি বেকারত্ব, দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য ও পানির সংকট সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করছে।


তবে আরব ব্যারোমিটারের জরিপ অনুযায়ী, এই অঞ্চলের অধিকাংশ মানুষ এখনো অন্য যেকোনো শাসনব্যবস্থার চেয়ে গণতন্ত্রকে বেশি পছন্দ করেন। গণতন্ত্র পুনরুদ্ধারে পশ্চিমা মডেলের পরিবর্তে স্থানীয় ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে সমবায়, নারীদের নেতৃত্বাধীন উদ্যোগ, শ্রমিক সংগঠন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিচালিত পরিষদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষে, মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের ভবিষ্যৎ বাইরের শক্তির হস্তক্ষেপের ওপর নয়, বরং স্থানীয় জনগণের ঐক্য, আত্মনিয়ন্ত্রণ ও মর্যাদার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ওপরই নির্ভর করছে।