নিজস্ব প্রতিবেদক

নীলফামারী সদর উপজেলার গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাল রঙের টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় বাসিন্দা মফিজার রহমান জানান, সকালে চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি পুকুরপাড়ে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। টুপামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং পুলিশ এসে বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করে। তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এগুলোর প্রকৃত ধরন ও ঝুঁকি সম্পর্কে নিশ্চিত হতে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করার পরই বস্তুগুলো প্রকৃত বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়া যাবে।