নিজস্ব প্রতিবেদক
আবাসন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন নাভানা নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করতে রাজউক, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং পরিবেশের ছাড়পত্র শতভাগ অনুসরণ করছে। বর্তমানে সরু গলির পরিবর্তে প্রশস্ত রাস্তার পাশে ভবন নির্মাণের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি ও ল্যাডার সহজে প্রবেশ করতে পারে। নাভানার ‘ব্রুকসডেল’ কন্ডোমিনিয়াম প্রকল্পের উদাহরণ টেনে জানানো হয়, সেখানে ৮০ ফুট চওড়া প্যাসেজ রাখা হয়েছে। এছাড়া প্রতিটি ভবনে দুটি প্রশস্ত সিঁড়ি, আধুনিক ফায়ার ফাইটিং ব্যবস্থা, স্প্রিংকলার এবং অটো-রিল যুক্ত করা হচ্ছে, যা ভবনে কেউ না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভাতে সক্ষম। ভূমিকম্প সহনীয় আধুনিক স্থাপত্যকৌশল ব্যবহারের ফলে নাভানার নির্মিত তিন শতাধিক ভবনে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
আবাসন খাতের ভবিষ্যৎ নিয়ে নাভানা জানায়, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা এখন ১ হাজার ২০০ ছাড়িয়েছে। ভবিষ্যতে জমির সীমাবদ্ধতার কারণে শহর সম্প্রসারণ এবং স্বল্প জায়গায় অধিক মানুষের বসবাসের উপযোগী ‘মেগা কন্ডোমিনিয়াম’ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নাভানা প্রায় ১৫ বছর আগেই বাসাবোয় ৩০০ অ্যাপার্টমেন্টের পরিবেশবান্ধব কন্ডো তৈরির মাধ্যমে এই ধারণার সূচনা করেছিল। আগামী দিনেও খেলার মাঠ, সুইমিংপুল, মসজিদ, লাইব্রেরি ও বাজার সুবিধাসংবলিত সাশ্রয়ী আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।
নতুন ফ্ল্যাট ক্রেতাদের পরামর্শ দিয়ে জানানো হয়, ফ্ল্যাট কেনার আগে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, আর্থিক সক্ষমতা ও ক্রেতা সন্তুষ্টির ইতিহাস যাচাই করা জরুরি। চটকদার বিজ্ঞাপন বা কম দামের প্রলোভনে না পড়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান বেছে নেওয়া উচিত। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং নিশ্চিত করতে সরকার, ব্যাংক ও আবাসন প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী নাভানা তাদের প্রকল্পগুলোতে স্মার্ট লিফট, সৌরবিদ্যুৎ, ছাদবাগান ও ঝুলন্ত বাগান যুক্ত করছে। বড় প্রকল্পগুলোতে সুপারশপ, সেলুন, কিন্ডারগার্টেন ও সুইমিংপুলের মতো কমিউনিটি সুবিধা রাখা হচ্ছে। নাভানার স্বকীয়তা সম্পর্কে জানানো হয়, তারা প্রতিটি ভবনের নকশায় ভিন্নতা বজায় রাখে এবং কোনো নকশার পুনরাবৃত্তি করে না। প্রায় শত বছরের ব্যবসায়িক ঐতিহ্য ও আন্তর্জাতিক মান বজায় রাখার কারণেই ক্রেতারা তাদের ওপর আস্থা রাখেন। এমনকি যুক্তরাষ্ট্রের বিল্ডিং কোড অ্যান্ড ফায়ার হ্যাজার্ড বিভাগের প্রধানও নাভানার প্রকল্প দেখে মুগ্ধ হয়ে ফ্ল্যাট কিনেছিলেন।






