হুতিদের মোকাবিলায় সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়া সেনাদের বিদায় অনুষ্ঠানে স্লোগান দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ (ডান থেকে দ্বিতীয়) ও সৌদি রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি। শনিবার রাওয়ালপিন্ডিতে। ছবি: এএফপি


সৌদি আরবে একদল সেনা মোতায়েনের কথা স্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। উপসাগরীয় দেশটিতে নিজেদের সামরিক তৎপরতার বিষয়ে এটি ইসলামাবাদের বিরল স্বীকারোক্তি।


পাকিস্তানের আইএসপিআর রোববার সেনাদের বিদায় অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোর আওতায় এই সেনারা সৌদি আরবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।


বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই সেনা মোতায়েন করা হচ্ছে। এটি সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে ভূমিকা রাখবে।


শনিবার সেনাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাওয়ালপিন্ডিতে। সেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, সেনাপ্রধান অসিম মুনির ও সৌদি আরবের রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি উপস্থিত ছিলেন।


গত মাসে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরবে প্রতিরক্ষামূলক দায়িত্বে তাদের ‘উল্লেখযোগ্য’ সংখ্যক সেনা মোতায়েন আছে।


মক্কা প্রতিরক্ষা জোটের দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের বৈঠকের কয়েকদিন পরই এই ঘোষণা এলো। গত আগস্টে দেশ তিনটি ন্যাটোর আদলে একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এতে কোনো দেশ আক্রান্ত হলে একে অপরের সাহায্যে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আছে।


গত শুক্রবার ইসলামাবাদে বৈঠক করেন মক্কা জোটের দেশগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা। তারা সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলার নিন্দা জানান। একই সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেন।