নেতানিয়াহুর বিচার শেষ করতে আলোচনার প্রস্তাব ইসরায়েলি প্রেসিডেন্টের

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ছবি: টাইমস অব ইসরায়েলের সৌজন্যে


বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতির বিচার শেষ করতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও তাঁর আইনজীবীদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। রোববার তিনি এই প্রস্তাব দেন। অভিযোগগুলোর বিষয়ে বিচারকেরা সন্দেহ প্রকাশ করার পর প্রেসিডেন্টের পক্ষ থেকে এ প্রস্তাব এলো।


ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি অভিযোগের বিষয়ে চলতি সপ্তাহে জেরুজালেমে শুনানি অনুষ্ঠিত হয়। এতে বিচারকেরা একটি অভিযোগ বাদ দেওয়া, আরেকটি পুনর্বিবেচনা করা এবং তৃতীয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করেন।


এর জবাবে নেতানিয়াহু বলেন, ২০২০ সালে শুরু হওয়া তাঁর এই বিচারকাজ অবিলম্বে শেষ করা উচিত।


প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মামলাগুলো নিয়ে আদালতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আবারও আলোচনার প্রস্তাব দিচ্ছেন। বিচার শেষ করার লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছাতে প্রেসিডেন্টের দপ্তরের তত্ত্বাবধানে এই সংলাপ শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে।’


অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন। এমন সময় মামলাগুলো নিয়ে বিচারকদের সুপারিশ সামনে এলো।