স্পোর্টস রিপোর্টার
টেস্টের হতাশা ভুলে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত কোনো ম্যাচ না জিতলেও ওয়ানডেতে টাইগারদের সুখস্মৃতি রয়েছে। দুদলের সর্বশেষ সিরিজে প্রোটিয়াদের তাদের মাটিতেই হারিয়েছিল বাংলাদেশ। তবে স্মৃতিকে স্মৃতি হিসেবেই রাখতে চাইছেন তাসকিন আহমেদ। জয় দিয়েই শুরুটা রাঙিয়ে ড্রেসিংরুমকে চাঙ্গা করতে চায় বাংলাদেশ, জানিয়েছেন টাইগার এই পেসার।
রোববার অনুশীলন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, 'প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে… এটা দলগত খেলা, আলাদা পারফরম্যান্স তো আছেই, দল ভালো না করলে কোনো লাভ হবে না। লক্ষ্য একটাই থাকবে, কীভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে আমি কিভাবে ভূমিকা রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে। গত স্মৃতি দারুণ। তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।'
টেস্ট সিরিজে বাংলাদেশের বোলাররা আশানুরূপ পারফর্ম করতে পারেনি। তাসকিনের বিশ্বাস, ওয়ানডেতে বাংলাদেশের অন্তত কাউকে হতাশ করবে না বোলাররা, ‘আশাবাদী, অবশ্যই ভালো (ওয়ানডে সিরিজ) হবে। কারণ, ওয়ানডেতে আমাদের যে মানের বোলিং লাইনআপ আছে, মানে ভালো করেছে অতীতে, এখানেও ভালো করবে আশা করছি। হারলে সবাই মানসিকভাবে একটু হতাশ থাকে। তবে আমার বিশ্বাস, আমরা প্রথম ম্যাচটা ভালোভাবেই শুরু করব ইনশা আল্লাহ।’
ইস্ট লন্ডনে গত ২ দিন অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলনের অভিজ্ঞতা সম্পর্কে পিচ সম্পর্কে তাসকিন বলেন, ‘আমরা আজকে যেখানে নেট করছিলাম, এখানে বল একটু গ্রিপ করছিল বেশি। সবার কাটারই অনেক ধরছিল। মাঠে (খেলায়) এমন না-ও হতে পারে। মাঠে যদি স্লো হয়, তাহলে উইকেট অনুযায়ীই বোলিং করতে হবে। পিচে যেটা চায়, সেটাই।’
দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছিলেন তাসকিন। এবারও তার কাছে তেমন কিছুই প্রত্যাশা ম্যানেজমেন্টের। সে প্রসঙ্গে তাসকিন বলেন, 'সব ফরম্যাটেই খেলতে নেমেই নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চাই। একটাই লক্ষ্য থাকবে, কীভাবে জেতা যায় এবং এর পেছনে যেন আমার অবদান থাকে।'






