বাদুড়ের গুহায় আটকে কান্নাকাটি, পরে উদ্ধার ভারতীয় পর্যটক
নেপালের একটি বিখ্যাত গুহা ঘুরতে গিয়ে সরু পাথুরে পথে আটকে পড়েন এক ভারতীয় নারী পর্যটক। বের হতে না পেরে ভয়ে কান্নাকাটি শুরু করেন তিনি। এ সময় বারবার মাকে ডাকতে থাকেন। পরে উদ্ধারকারী দলের সহায়তায় তাকে নিরাপদে বের করে আনা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নেপালের পোখারার বাতুলেচৌর এলাকায় অবস্থিত চামেরে গুফা বা বাদুড়ের গুহায় (ব্যাট কেভ) এ ঘটনা ঘটে। গুহাটি পর্যটকদের কাছে বেশ পরিচিত। সেখানে ঘুরতে গিয়ে গুহার ভেতরের একটি সরু পাথুরে পথে আটকে যান ওই নারী।
ভিডিওতে দেখা যায়, সরু জায়গা থেকে বের হতে না পেরে ওই নারী কান্নাকাটি করছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন। একপর্যায়ে হাতে টর্চ নিয়ে এক ব্যক্তি তার কাছে এগিয়ে যান। তিনি প্রথমে ওই নারীর ভারী ব্যাগটি সরিয়ে নেন, যাতে তার চলাচল সহজ হয়। পরে তাকে আশ্বস্ত করে জানান, তিনি টিকিট কাউন্টারে গিয়ে সাহায্যের ব্যবস্থা করছেন।
খবর পেয়ে নিরাপত্তাকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বেশ কিছু চেষ্টার পর তাকে সরু পথ থেকে নিরাপদে বের করে আনেন তারা। উদ্ধারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
পোখারার বাতুলেচৌর এলাকায় অবস্থিত চামেরে গুফা একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহা। বাদুড়ের বসবাসের জন্য পরিচিত এ গুহায় রয়েছে অন্ধকার, স্যাঁতসেঁতে ও পিচ্ছিল পথ। এর ভেতরে বেশ কিছু সরু পাথুরে অংশ রয়েছে। এসব বৈশিষ্ট্যের কারণে দেশি-বিদেশি পর্যটকদের কাছে গুহাটি আকর্ষণীয়।
গুহাটি ঘুরে দেখার সময় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সরু পথে চলাচলের ক্ষেত্রে উপযুক্ত জুতা পরা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং স্থানীয় গাইডের সহায়তা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি






