স্টাফ রিপোর্টার

রাজধানীর বিমানবন্দর থানাধীন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানার পাঁচ দিন ও তার দুই শ্যালকের তিন দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


রোববার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।


অপর আসামি হলেন—মনিরুলের দুই শ্যালক রেজাউল আলম শাহিন (৫৩) ও বুলবুল মিয়া মামুন (৪৬)।


এর আগে, আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের ইন্সপেক্টর গোলাম মর্তুজা।


আবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তারা মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের নাম ও ঠিকানা প্রকাশ করেছেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিরা জামিনে মুক্তি পেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ানো, অন্যদের অপরাধে উদ্বুদ্ধ করা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে জননিরাপত্তা বিপন্ন করার আশঙ্কা রয়েছে।


রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনা এবং অর্থের জোগান সম্পর্কে তথ্য উদ্ঘাটনে গ্রেপ্তার তিনজনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।


এদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি, তাসলিমা জাহান পপিসহ অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন।


রোববার ভোরে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাই রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটের দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী কয়েকটি মোটরসাইকেলে করে বিমানবন্দর ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং সড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে থাকা চারজন আহত হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশ, লোহার স্প্রিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরো জব্দ করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় এসআই মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।