উদ্যোক্তা হয়ে উঠছেন মানবপাচার থেকে ফেরা মানুষরা

মানবপাচার থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যশোরে শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা ২০২৬’। তাদের উদ্যোক্তা হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের স্থানীয় সহযোগী সংস্থা রাইটস যশোর এ মেলার আয়োজন করেছে।


এতে সহায়তা দিচ্ছে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস। পাশাপাশি সহযোগী হিসেবে রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও যশোর চেম্বার অব কমার্স। রোববার উইনরক ইন্টারন্যাশনালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


দুইদিন ব্যাপী এই মেলা গতকাল শনিবার যশোর জেলা টাউন হল মাঠে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় যশোর জেলা পরিষদের প্রশাসক দেওয়ান মোহাম্মদ হোসেন খান (খোকন) এবং যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, যুব উন্নয়ন অধিদপ্তর ও বিসিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় যশোর ও ঝিনাইদহ জেলার মানবপাচার থেকে ফিরে আসা উদ্যোক্তারা তাদের উৎপাদিত হস্তশিল্প, পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিপণ্য ও প্রাণিসম্পদভিত্তিক পণ্য প্রদর্শন ও বিক্রি করেছেন। এর মাধ্যমে সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে উদ্যোক্তাদের ব্যবসায়িক সেতুবন্ধন তৈরি হয়েছে। আজ রোববার মেলা শেষ হয়েছে।


মেলার প্রথম দিনে উদ্বোধন শেষে দুটি প্রশিক্ষণমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যবসার প্রসার এবং পণ্যের মানোন্নয়ন ও গুণগত মান নিয়ন্ত্রণ বিষয়ে উদ্যোক্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।


আয়োজকরা জানান, মানবপাচার থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের দক্ষতা, আত্মবিশ্বাস ও সামাজিক স্বীকৃতি অর্জনের পাশাপাশি টেকসই অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত করাই এ মেলার মূল লক্ষ্য। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল দেশের মানবপাচারপ্রবণ ১০টি জেলায় ‘আশ্বাস’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।