ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে দূরপাল্লার যানচলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ঢাকা থেকে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে ২১ জেলায় দূরপাল্লার বাস ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাঙ্গা হয়ে বরিশাল ও ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহার করা যাত্রীরা।
পুলিশ, বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও স্থানীয় সূত্র জানায়, আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে টেকেরহাট এলাকায় অবরোধ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড, সাড়ে ১১টার দিকে মুকসুদপুর চন্ডীবর্দি ও কলেজমোড় অবরোধ করেন হরতাল সমর্থকেরা। এতে ঢাকা থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে বরিশাল ও খুলনা অঞ্চলের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে, বিকেল ৩টার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট পর্যন্ত চলাচল স্বাভাবিক হলেও টেকেরহাট থেকে বরিশাল, গোপালগঞ্জ অংশে অবরোধ চালু রয়েছে।
এছাড়াও ঢাকা-খুলনা গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর অংশে সন্ধ্যার আগেই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। সকাল থেকে ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভাঙ্গা থেকে ফরিদপুর হয়ে কুষ্টিয়াসহ কয়েকটি জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে। তবে, ইমারজেন্সি রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন ছিল। ভাঙ্গা লোকাল ও হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়- মহাসড়কের যানবাহন চলাচল ও মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, এসআরবি, ডিবিস, ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানসহ এক হাজার পুলিশ মাঠে কাজ করছে।
এদিন সকালে আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীরা।
আজ সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া দিয়ে ২১টি জেলায় দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন বড় যানবাহনগুলো ঢাকা থেকে ছেড়ে আসেনি।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসে ওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় পুলিশ, ট্রাফিক ও বিজিবি, এসয়ারবি একাধিক যৌথ বাহিনীর টহল টিম ঘুরতে দেখা যায়।
এ সময় হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পয়েন্টগুলো দুই পাশে থেমে থেমে দাঁড়িয়ে আছে যাত্রীবিহীন একাধিক বাস, মালবোঝাই লড়ি, ট্রাক, কাভার্ডভ্যানসহ দূরপাল্লার যানবাহন গুলোর চালক ও শ্রমিকরা শুয়ে বসে সময় কাটাচ্ছেন। এসময় ঢাকা থেকে খুলনার উদ্দেশে ভাঙ্গায় নামার পর এক্সপ্রেস ওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ ফ্লাইওভার দিয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে হেটে পার হতে দেখা যায় শিশুসহ নারী, পুরুষ পথযাত্রীদের। এসব পথযাত্রীরা পায়ে হেঁটে হেঁটে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে ও পৌরসভার সামনে অবস্থিত কাউন্টারগুলোতে ভিড়তে দেখা যায়। কিন্তু বাসচলাচল বন্ধ থাকায় সেখানে গিয়েও তাদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
এদিন বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। বাস কাউন্টারের শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা জানায়, আগে থেকেই আওয়ামী লীগের ডাকা হরতালের কারণে ঢাকা থেকে পরিবহন বাসগুলো ছেড়ে আসেনি। এতে ২১ জেলায় ভাঙ্গা হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে, প্রয়োজনের তাগিদে হরতাল উপেক্ষা করে অনেকেই ঢাকা থেকে বরিশাল, গোপালগঞ্জ এবং খুলনা অঞ্চলে যাওয়ার জন্য বাসকাউন্টারগুলো আসেন পথযাত্রীরা। পরে তারা লোকাল বাস ও অটো, মাহিন্দ্রগুলোতে ভেঙে ভেঙে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেন। এতে পথযাত্রীদের চরম ভোগান্তি পোহানোর কথা জানান।
ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলেন সিমা রানী, গোকূল কুন্ডসহ আরও কয়েকজন যাত্রী। তারা জানান, খুব ভোরে ঢাকা থেকে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে ভাঙ্গায় এসে খুব কষ্টে পৌঁছেছেন। কিন্তু ভাঙ্গায় এসে দেখেন, বরিশালের কোনো বাস চলছে না। অতিরিক্ত ভাড়া দেওয়াসহ নানা ভোগান্তির কথা জানান তারা।
ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভাসংলগ্ন দূরপাল্লার কাউন্টারগুলোতে বেশকিছু যাত্রীদের সঙে কথা বললে গোপালগঞ্জের বাসিন্দা কলেজছাত্র আকাশ জানান, তিনি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। পরিক্ষায় অংশ নেওয়ার জন্য অ্যাডমিট কার্ড প্রয়োজন। কিন্তু ভাঙ্গায় এসে আটকে পড়েছেন। ভাঙা পৌরসভার সদরের বাসিন্দা এক বৃদ্ধ এসকেন্দার মিয়া জানান, তিনি ভাঙ্গা থেকে সকাল থেকেই অপেক্ষা করছেন ডাক্তার দেখানোর জন্য ঢাকায় যাবেন। কিন্তু ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া দুই একটা লোকাল বাসগুলোতে ভেঙ্গে ভেঙে গেলেও সময়মত ডাক্তার দেখাতে পারবেন কি না, সে নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
স্থানীয় বাসকাউন্টারের শ্রমিকরা জানায়, গতকাল শনিবার বিকেল থেকেই ২১টি জেলায় দূরপাল্লার যানবাহনগুলো ভাঙ্গায় আসেনি। তবে, যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কয়েকজন অটোচালক জানান, ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বরিশাল ও ফরিদপুর-ভাঙ্গা খুলনা অংশের অনেকযাত্রীরা ভেঙ্গে ভেঙে যাওয়ার চেষ্টা করছেন।
এর আগে, সকাল ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে সড়কে অবস্থানসহ প্রতিবাদ মিছিল করতে দেখা যায়। এসময় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ জানান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের দিকনির্দেশনায় আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে ও ভাঙ্গায় যে কোনো নাশকতা ঠেকাতে আমরা সবাই সোচ্চার রয়েছি।
ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সড়ক সম্পাদক আব্দুল কাইয়ুম মোল্লা জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত শুধুমাত্র লোকালবাসগুলো চলছে। এছাড়া ২১টি জেলার অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া দিয়ে দূরপাল্লার যানবাহনগুলোকে গতকাল বিকেল থেকেই চলাচল করতে দেখা যায়নি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ভাঙ্গায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রায় ১ হাজার পুলিশ, এসআরবি, বিজিবিসহ সাদা পোশাকের ডিবি পুলিশ এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দিন-রাত কাজ করছে।
ওসি আরও জানান, দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় লোকালবাসগুলো কিছু কিছু চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমরা ডাইবেসন দিয়েছি। ভাঙ্গা থেকে ফরিদপুর হয়ে যাত্রীরা যেন কুষ্টিয়া, যশোরসহ অন্নান্য জেলায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেই পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো এলাকা পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার থানার অফিসার তৌহিদ ইসলাম জানান, বিজিবি, এসআরবি ও পুলিশের যৌথ টিম মহাসড়কে অবরোধ স্বাভাবিক করতে কাজ করছে।




