নিজস্ব প্রতিবেদক

ছারছীনা দরবার শরীফের ১৩৬তম তিন দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের প্রথম দিন ২৯ নভেম্বর রবিবার বক্তব্য প্রদানকালে আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) পীর ভাই-মুহিব্বিনদের উদ্দেশ্যে বলেন- ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে পীর-মাশায়েখদের ভূমিকা অনস্বীকার্য। যুগে যুগে হক্কানী পীর-মাশায়েখ ও আল্লাহওয়ালাগণ তাঁদের ত্যাগ, সাধনা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে মানুষের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিয়েছেন এবং কুরআন-সুন্নাহর আদর্শে জীবন গঠন, আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দিয়ে সমাজকে সঠিক পথের দিশা দেখিয়েছেন।

তিনি বলেন, পীর-মাশায়েখদের দায়িত্ব মানুষের ঈমান-আক্বীদা সুদৃঢ় করা, আমল-আখলাক সংশোধন এবং ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আমাদের পূর্বসূরি বুযুর্গানে দ্বীন তাঁদের জীবন ও কর্মের মাধ্যমে যে দ্বীনি আদর্শ রেখে গেছেন, তা ধারণ ও অনুসরণ করা আমাদের দায়িত্ব।

পীর ভাই-মুহিব্বিনদের উদ্দেশে তিনি আরও বলেন, নিজেদের জীবন সুন্নাহর আলোকে গড়ে তোলার পাশাপাশি সমাজে দ্বীনের শিক্ষা, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে হবে। দ্বীনের খেদমতে ব্যক্তিগত স্বার্থ নয়, আল্লাহর সন্তুষ্টিই হবে মূল লক্ষ্য।

মাহফিলের প্রথম দিনে জোহরের নামাজ আদায় ও পীর ছাহেব হুজুর এবং উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া নিতে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মঞ্জুর এমপি। এ সময় উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, আমাদের এই স্বাধীন বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদেরই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম ও ঐক্যের বিকল্প নেই। আমরা সকলে মিলে এ দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।

প্রথম দিন অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ গোলম রব্বানী, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ প্রমূখ।

মাহফিলের প্রথমদিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর বিষয়ভিত্তিক আলোচনা করেন- মাওলানা আবদুল গফফার কাসেমী, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমূখ।

আজ ৩০ নভেম্বর মাহফিলের ২য় দিন, ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ যোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।