নিজস্ব প্রতিবেদক

অভিনয় জীবনে কারিনা কাপুর বেশ কিছু সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন এবং আইটেম গানে পারফর্ম করে দর্শকদের নজর কেড়েছেন। তবে এবার ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ গানে তাঁর উপস্থিতি আগের সব আলোচনাকে ছাপিয়ে গেছে। গানটি প্রকাশের পর থেকেই শাহরুখ খানের ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।


এর আগে শাহরুখ খান অভিনীত ও প্রযোজিত ‘ওম শান্তি ওম’, ‘বিল্লু’ এবং ‘ডন’ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন কারিনা। তবে ‘ড্যাডি কুল : কিং ভার্সন’ গানটি খুব অল্প সময়েই শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ‘কিং’ সিনেমায় শাহরুখ-দীপিকা জুটির ‘তু মিল জায়ে’ গানটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই এই নতুন গানটি মুক্তি পেল, যেখানে শাহরুখ ও কারিনাকে দীর্ঘ বিরতির পর একসঙ্গে দেখা গেল।


সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড তারকা শাহরুখ খান নিজেও এই গান নিয়ে পোস্ট করেছেন এবং কারিনাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বেবোর সঙ্গে ফিরলাম।’ ১৯৭৬ সালের বনি এম-এর জনপ্রিয় গান ‘ড্যাডি কুল’-এর সুর ও পঙ্ক্তির ওপর ভিত্তি করে তৈরি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ ও শিল্পা রাও। গানটির কথা লিখেছেন কুমার এবং সুর করেছেন শচিন-জিগর।


গানটিতে কারিনা কাপুরকে লাল রঙের ডিপ নেক গাউন ও কালো পোশাকে দেখা গেছে, যা দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে, ধূসর চুলের লুকে শাহরুখ খানের উপস্থিতি অনুরাগীদের মুগ্ধ করেছে। অনেকে এই গানটির সঙ্গে ‘ডন’ সিনেমার ‘ইয়ে মেরা দিল’ বা ‘রা-ওয়ান’ সিনেমার ‘ছম্মক ছল্লো’ গানের স্মৃতি খুঁজে পাচ্ছেন।


আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ‘কিং’। এই সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।