নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের অভিনয় জীবনে ছোট পর্দায় অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেলেও বড় পর্দায় কাজ করা হয়নি অভিনেত্রী সুমাইয়া শিমুর। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে পরিচালক কাজী আসাদের ‘যাত্রা বিরতি’ সিনেমার মধ্য দিয়ে। বরিশালে সিনেমাটির শুটিংয়ের ফাঁকে তাঁর সঙ্গে কথা বলেছেন মীর সামী।
দুই যুগেরও বেশি সময়ের অভিনয় জীবনে প্রথমবার পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু জানান, এর আগে বেশ কয়েকবার প্রস্তাব পেলেও গল্প বা অন্য কোনো কারণে তা করা হয়নি। তবে ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য পড়ার পর গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় তিনি আর না করেননি। তিনি বলেন, কাজের ক্ষেত্রে গল্প সবসময় গুরুত্বপূর্ণ এবং প্রস্তাব পেলেই কাজ করতে হবে, এমনটা তিনি কখনও ভাবেননি।
‘যাত্রা বিরতি’ সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে অভিনেত্রী জানান, এটি খুব সাধারণ একজন মানুষের চরিত্র, যা আমাদের চারপাশে প্রতিটি পরিবারেই দেখা যায়। দর্শক চরিত্রটির সঙ্গে সহজেই পরিচিত বোধ করবেন এবং নিজেদের পরিবারের মানুষের ছায়া খুঁজে পাবেন।
পরিচালক কাজী আসাদের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে সুমাইয়া শিমু বলেন, তিনি খুব ঠান্ডা মাথায় ও গোছানোভাবে শুটিং করেন, যা শিল্পীদের জন্য স্বস্তিদায়ক। এছাড়া সহশিল্পী মোশাররফ করিমের সঙ্গে টেলিভিশন নাটকের পর এবার বড় পর্দায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ক্যামেরার সামনে তাঁদের বোঝাপড়া ভালো এবং আশা করছেন দর্শক এই রসায়ন পছন্দ করবেন।
গত ১৯ নভেম্বর থেকে বরিশালে টানা শুটিং করছেন জানিয়ে তিনি বলেন, এরপর কুয়াকাটায় শুটিংয়ের পরিকল্পনা রয়েছে এবং সব মিলিয়ে ৯ ডিসেম্বর পর্যন্ত টানা কাজ চলবে। আউটডোর শুটিংয়ে সুন্দর পরিবেশ ও পুরো টিমের চমৎকার সমন্বয়ের প্রশংসা করে তিনি জানান, পুরো কাজটি ভালোভাবে শেষ করতে চান।
সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা সম্পর্কে সুমাইয়া শিমু বলেন, এটি এমন একটি সিনেমা যা পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারবেন। গল্পের বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের মানুষ নিজেদের খুঁজে পাবেন এবং জীবন ও সম্পর্কের সঙ্গে সংযোগ তৈরি করতে পারবেন। ‘যাত্রা বিরতি’ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।






