নিজস্ব প্রতিবেদক

ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বরাবরই উত্তেজনাকর। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে মাঠের ভেতরে বাগ্‌বিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পাকিস্তানি সমর্থক ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের কাছে তরুণ ভারতীয় ক্রিকেটারদের মাঠে ঝগড়া না করার পরামর্শ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।


ওই সমর্থক হরভজনকে বলেন, ‘দয়া করে তরুণ ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে। এটি কেবলই একটি খেলা।’ তিনি দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের এমন আচরণ ভালো দৃষ্টান্ত স্থাপন করছে না। তিনি আরও যোগ করেন, ‘আপনারা যখন পাকিস্তানে আসেন, আমরা কি আপনাদের ভালোবাসা দিয়ে বরণ করি না? আমাদের বয়োজ্যেষ্ঠদের মধ্যে একে অপরের প্রতি গভীর ভালোবাসা রয়েছে, অথচ তরুণেরা মাঠে ঝগড়া করছে।’


এই অনুরোধের জবাবে হরভজন সিং বেশ পরিণত মনোভাব প্রদর্শন করেন। ভারতের সাবেক এই স্পিনার জানান, তিনি তরুণ ক্রিকেটারদের সবসময়ই বিনয়ী ও মাটির কাছাকাছি থাকার পরামর্শ দিয়ে থাকেন।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিভিন্ন পর্যায়ের ম্যাচে উত্তেজনার পারদ বেশ চড়েছে। গত সপ্তাহে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে একাধিকবার বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির উপক্রম হয়। এছাড়া গত বছরের এশিয়া কাপ থেকে দুই দেশের জাতীয় দল, ‘এ’ দল ও বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক করার মতো সৌজন্যমূলক আচরণও বন্ধ রয়েছে।