নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন এবং মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে সংঘটিত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের পাশে অবস্থিত জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে, যা জজের নিজ কক্ষের সামনে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবন পাহারায় থাকা চার পুলিশ সদস্য বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে একই রাতে আনুমানিক রাত ২টা ২৫ মিনিটের দিকে মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংক ভবন লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায় এবং একটি বোমা দোতলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে আগুন ধরে যায়। ব্যাংক কর্মকর্তারা নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একটি লেপ ও তোষক পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান জানান, নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।






