নিজস্ব প্রতিবেদক

সাভার ও আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। শনিবার দিবাগত রাত ১২টার পরপরই সাভারের বলিয়ারপুর এবং আশুলিয়ার বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।


অন্যদিকে, সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় নিজস্ব গ্যারেজের কাছে সড়কের পাশে শ্যামলী পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।


সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাতে শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।