নিজস্ব প্রতিবেদক

ফেনী শহরের ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফাজিলপুর এলাকায় ট্রেনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থীকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে রেলপথে টহল দেওয়ার সময় সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয়। তল্লাশিকালে তাদের ব্যাগ থেকে ছোট-বড় বেশকিছু ইটের টুকরো উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো—ইমরান (১৭), মো: শাহেদ (১৮), মো: শাকিল (১৮) ও মো: মহিন (১৮)। তারা সবাই ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী। জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন উম্মুল মুমিনীন আয়েশা (রা:) মহিলা আলিম মাদরাসার দুটি টিনশেড ভবনে দুর্বৃত্তরা আগুন দেয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ জানান, আগুনে আসবাবপত্রসহ অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই রাতে জেলা নির্বাচন অফিস, প্রধান ডাকঘর ও সোনাগাজীর সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া শহরতলির মহিপাল ও রামপুর সড়ক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মালবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়।


উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলাবাসী সতর্ক রয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: সাইফুল ইসলাম জানান, নাশকতাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় পুলিশের একাধিক টহল দল সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।