নিজস্ব প্রতিবেদক
বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। রোববার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। বাস না পেয়ে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের, এতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগার পাশাপাশি গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং স্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরা বিকল্প যানের খোঁজে ছোটাছুটি করছেন। সকালে জরুরি কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া নওগাঁ শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছিল, সেই রেশ কাটতে না কাটতেই আজ আবার হঠাৎ ধর্মঘট। ওনাদের নিজেদের মধ্যে ঝামেলা হলেই কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেন, আর তার খেসারত দিতে হয় সাধারণ যাত্রীদের।
ধর্মঘটের কারণ সম্পর্কে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও অটোরিকশাচালকেরা তা মানছেন না, এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
রফিকুল ইসলাম আরও জানান, গত সেপ্টেম্বরে যাত্রী তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনায় তিন দিন ধর্মঘট চলেছিল। পরে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে গাড়ি চালানো হচ্ছে এবং স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগও কাজে আসেনি।
অন্যদিকে, বাস শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বাস মালিক ও শ্রমিকেরা বারবার সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করে অযৌক্তিক দাবি আদায় করেন। তারা সড়কে অটোরিকশা চলতে দিচ্ছেন না এবং গত সেপ্টেম্বরে প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছিলেন। প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ নাকচ করে তিনি আরও বলেন, সেপ্টেম্বরের বৈঠকে প্রশাসন কেবল প্রস্তাব দিয়েছিল, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলাম এবং পরবর্তী বৈঠকে সমাধানের কথা ছিল, কিন্তু আর কোনো বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত অমান্যের প্রশ্নই ওঠে না।





