নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দর থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি জোট। নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করে জানান, নিরাপত্তার খাতিরে জয়েন্ট ফোর্সেস কমান্ড বেসামরিক নাগরিকদের মানচিত্রে চিহ্নিত রাস ইসা বন্দর এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
এর আগে শনিবার জোট বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল হুথি বাহিনীর ব্যবহৃত সেই সব স্থাপনা ধ্বংস করা, যা তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং লোহিত সাগরে নৌ-চলাচলের পথে হুমকি হিসেবে ব্যবহার করছিল।
মেজর জেনারেল তুর্কি আল-মালকি আরও বলেন, হুথিদের কর্মকাণ্ড দক্ষিণ লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, বাব আল-মান্দেব প্রণালিটি একটি অত্যন্ত কৌশলগত নৌ-পথ, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে হুথিরা ভবিষ্যতে কোনো পদক্ষেপ নিলে জোট তার তাৎক্ষণিক জবাব দেবে। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের পরিচালিত সামরিক অভিযানগুলো আন্তর্জাতিক মানবিক আইন ও প্রচলিত আন্তর্জাতিক আইন মেনেই সম্পন্ন করা হয়েছে।






