নিজস্ব প্রতিবেদক

মায়ের অভিনয় দেখে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছে শামিয়ানা রায়ের। সেই আগ্রহ থেকে এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী ও সংসদ সদস্য শতাব্দী রায়ের মেয়ের। পরিচালক অতনু রায়ের ‘ফাতেমা’ সিনেমায় অভিনয় করবে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শামিয়ানা। এতে তাকে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ের চরিত্রে।


১৯৮৬ সালে তপন সিংহের ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন শতাব্দী রায়। চার দশক পর একই পথে হাঁটছে তাঁর মেয়ে। শতাব্দী ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে শামিয়ানা এই সিনেমায় অভিনয় করবে কিশোরী জুবেইদার চরিত্রে। ফাতেমা বেগমের নাম ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।


ভারতের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিবেচনা করা হয় ফাতেমা বেগমকে। তাঁর দ্বিতীয় মেয়ে জুবেইদা। সিনেমাটিতে প্রাপ্তবয়স্ক জুবেইদার চরিত্রে অভিনয় করবেন আনন্দরূপা চক্রবর্তী। পরবর্তী সময়ে জুবেইদা ভারতীয় চলচ্চিত্রের শুরুর দিকের অন্যতম পরিচিত অভিনেত্রী হয়ে ওঠেন।


মেয়ের অভিনয়ে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত শতাব্দী রায়। তিনি জানান, ‘শামিয়ানার অভিনয়ের ইচ্ছা আছে, আমার ছেলের একদম নেই। আমি চাই শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয়জগতে কাজ করুক। ও ভালো কাজ করলে আমার অবশ্যই ভালো লাগবে। এই ছবি যাঁকে নিয়ে তৈরি, আমাদের দেশের প্রথম নারী পরিচালক, তাঁর কথা দুর্ভাগ্যজনকভাবে অনেক সিনেমাপ্রেমী মানুষও জানেন না। এই ছবির মাধ্যমে মানুষ জানবেন তাঁর ব্যাপারে। আমার আত্মপ্রকাশের ঠিক ৪০ বছর পর আমার মেয়ে বড়পর্দায় কাজ শুরু করছে, এটা আমার কাছে আনন্দের।’


শতাব্দী আরও জানান, ‘ঋতুপর্ণার মেয়ের ভূমিকায় থাকবে শামিয়ানা। ঋতুকে অনেক শুভেচ্ছা। প্রযোজক অঞ্জনদা, পরিচালক এবং পুরো টিমকে আমার অভিনন্দন।’


অভিনয়ে যাত্রা শুরু করতে পেরে উচ্ছ্বসিত শামিয়ানাও। সে বলে, ‘আমি মায়ের অনেক সিনেমা দেখেছি। সেগুলো দেখে ছোটবেলা থেকেই আমার অভিনয় করার খুব ইচ্ছে। আমি বড় হয়েও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চাই। আশা করি, আমার প্রথম কাজ মানুষের ভালো লাগবে।’


অরোরা ফিল্ম করপোরেশনের পক্ষে অঞ্জন বসুর প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ফাতেমা’। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিনেমাটি ফাতেমা বেগম পরিচালিত নির্বাক চলচ্চিত্র ‘বুলবুল-ই-পরিস্তান’-এর (১৯২৬) শতবর্ষ উপলক্ষে নির্মিত হচ্ছে। এতে ফাতেমা বেগমের জীবন ও সংগ্রাম, তাঁর পরিবার, স্বাধীন চলচ্চিত্র প্রতিষ্ঠান গড়ে তোলার সংকল্প এবং ভারতীয় সিনেমার প্রাথমিক বিকাশে তাঁর অবদান তুলে ধরা হবে।


সিনেমাটিতে শতাব্দীর মেয়ের অভিনয়ের খবর জেনে খুশি ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি বলেন, “শতাব্দীর কন্যা জুবেইদার চরিত্রে অভিনয় করছে জেনে আমি খুবই খুশি। বেশ কয়েকটি ছবিতে আমি শতাব্দীর সহ-অভিনেত্রী ছিলাম, আর ‘ওম শান্তি’ ছবিতে ও আমাকে পরিচালনাও করেছে। ওর মেয়ের এই যাত্রা শুরু হচ্ছে জেনে ভালো লাগছে। আগামী বছর ‘ফাতেমা’ আমার কাছে অত্যন্ত বিশেষ একটি ছবি হতে চলেছে।”


পরিচালক অতনু রায় জানান, কিশোরী জুবেইদার চরিত্রের জন্য উপযুক্ত অভিনেত্রী খুঁজতে গিয়ে শামিয়ানার সঙ্গে কথা বলেই তাঁর মনে হয়েছে, এই চরিত্রের জন্য সে-ই সঠিক পছন্দ। সিনেমাটির ভাবনার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।