বিনোদন প্রতিবেদক
শুধু নিজের সময় নষ্ট হওয়াই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে থাকার কারণে পরিবারের সদস্যদেরও যথেষ্ট সময় দেওয়া হয় না বলে মনে করেন আরশ খান। বিশেষ করে মায়ের সঙ্গে সময় কাটানোর বিষয়টি তাঁকে ভাবায়। পরিবারের মানুষ যখন একটু কথা বলতে চান, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত থাকার কারণে তাঁদের সময় দেওয়া হয়ে ওঠে না। অথচ হারিয়ে যাওয়া সেই সময় আর ফিরে পাওয়ার সুযোগ নেই।
এ প্রসঙ্গে আরশের বক্তব্যটা এমন, ‘আমার আম্মু আমাকে হয়তোবা দুইটা ভালো কথা বলতে চায়, তাকে বলে আসি যে হ্যাঁ, আমি তোমাকে সময়টা দিব। কিন্তু এগুলো স্ক্রল করতে করতে সময়গুলো চলে যায়। আর এই সময়টা কি আপনি–আমি টাকা দিয়ে কিনতে পারব? টাকা দিয়ে হয়তোবা দোকান থেকে একটা ভালো প্রোডাক্ট কিনতে পারব, কিন্তু সময়টা কি কেনা সম্ভব কোনোভাবে?’
জীবনের এই উপলব্ধি থেকেই ব্যক্তিগত ফোনকে সামাজিক যোগাযোগমাধ্যমমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আরশ খান। তবে তিনি ইন্টারনেট বা প্রযুক্তি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতে চান না। বরং নিজের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী নির্দিষ্ট বিষয় খুঁজে দেখতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে গিয়ে সামনে যা আসে, তা দেখার অভ্যাস থেকে বেরিয়ে আসতে চান।
আরশ বলেন, ‘যদি আমার ইচ্ছা করে যে আমি একটা কিছু দেখতে চাই, সেটা আমি যেই প্ল্যাটফর্মে দেখতে চাই, সেই প্ল্যাটফর্মে গিয়ে ওটা সার্চ দিয়ে দেখব। কিন্তু আমি এইভাবে হুজুগে পড়ে যা তা সামনে চলে আসবে, এভাবে আর দেখতে চাই না। এটার জন্য আমি খুব সিলেক্টিভ জিনিস দেখব বলে আমার জীবনটাকে সিলেক্টিভ করে ফেলেছি।’






