নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে খেলাফত মজলিস। দলটির মতে, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি এড়িয়ে চলায় বৃহত্তর ঐক্যের পথে অন্তরায় তৈরি হয়েছে। রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের।
আহমদ আবদুল কাদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁরা মাঠে থাকবেন এবং এ ইস্যুতে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, সরকারকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর করতে হবে। খেলাফত মজলিস জাতীয় ঐক্য চায়, তবে জুলাই সনদ ও গণভোটের রায় পাশ কাটিয়ে তা সম্ভব নয়।
সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে হত্যার পরিকল্পনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা দেশে কাজ করছে বলেও দাবি করা হয়। এছাড়া আগুন, ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মাধ্যমে সম্পদ ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার সমালোচনা করে দলটির পক্ষ থেকে বলা হয়, সরকারকে অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সরকারি সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়া প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানালেও, গত আট মাসে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলে দাবি করে দলটি।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে খেলাফত মজলিস অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, ফ্যাসিস্ট অপশক্তির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানায়।
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা প্রতিরোধে দলটি বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ১ থেকে ৭ ডিসেম্বর জেলা-মহানগরী ও থানা-উপজেলা পর্যায়ে ফ্যাসিবাদবিরোধী মিছিল বা গণসংযোগ, ৮ ডিসেম্বর সারা দেশে সমাবেশ ও মিছিল, ১২ ডিসেম্বর রাজধানীতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী সমাবেশ ও গণমিছিল।
সংবাদ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। এ সময় দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন ও মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মোস্তাফিজুর রহমান ও আবদুল জলিল, প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু এবং আইনবিষয়ক সম্পাদক শাইখুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।






