নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণে দেশ রসাতলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য এবং দেশের স্বার্থ সর্বদাই তাদের কাছে নগণ্য হয়ে থেকেছে।
রোববার বরিশাল সদরে চরমোনাই দরবার শরিফে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই চব্বিশের পরে সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা যায়নি, চব্বিশের পরে ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে। এমনকি সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য হচ্ছে; যার সুযোগ পতিত শক্তি নিচ্ছে। দেশকে অরাজকতা থেকে রক্ষায় দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রক্ষমতা থেকে পতনের পরও সহিংসতা ও সন্ত্রাস করে আওয়ামী লীগের ফেরত আসার কল্পনা কার্যক্রম নিষিদ্ধ দলটির জন্য বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, জাতির কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করুন। শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছেন, তাঁরা আইনের কাছে আত্মসমর্পণ করুন। পাচারকৃত টাকা ফেরত দিন।
ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে চরমোনাই পীর বলেন, জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল রাষ্ট্র সংস্কার এবং পতিত ফ্যাসিবাদের বিচার। সত্য হলো সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক আর বিচার গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হতে হবে।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে তার দায় এড়াতে পারবেন না।
ইসলামী আন্দোলনের এই জেলা প্রতিনিধি সম্মেলনে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল ইসলাম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।






