নিজস্ব প্রতিবেদক
আকারে ছোট হলেও আমলকী পুষ্টিগুণে অত্যন্ত সমৃদ্ধ একটি ফল। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশে ভরপুর এই ফলটি নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ভারতীয় পুষ্টিবিদ নেহা সাহায়ার মতে, প্রতিদিনের খাবারের তালিকায় ছোট ছোট পরিবর্তন স্বাস্থ্যের ওপর বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যার মধ্যে অন্যতম হলো আমলকী গ্রহণ।
বর্তমানে আমলকীর মৌসুম চলায় এটি সহজলভ্য। নিয়মিত আমলকী খাওয়ার বিভিন্ন উপকারিতা রয়েছে। আমলকীতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় রাখে, যা বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় শরীরকে সুরক্ষা দেয়। এছাড়া উদ্ভিজ্জ খাবার যেমন শাকসবজি, ডাল ও বিভিন্ন বীজজাতীয় খাবার থেকে প্রাপ্ত আয়রন শোষণেও ভিটামিন সি সহায়তা করে।
আমলকী অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস, যা শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। পাশাপাশি এতে থাকা ডায়েটরি ফাইবার হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং অন্ত্রের সুস্থতায় কার্যকর ভূমিকা রাখে। ত্বকের যত্নেও আমলকী বেশ উপকারী; কারণ এটি শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বকের গঠন ও উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক।
আমলকী বিভিন্ন উপায়ে গ্রহণ করা যায়। কাঁচা আমলকী খাওয়ার পাশাপাশি চাটনি, জুস কিংবা প্রতিদিনের খাবারের সঙ্গে মিশিয়ে এটি খাওয়া সম্ভব।






