নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাসিক বিক্রির হিসাব বা লক্ষ্যমাত্রার সঙ্গে অর্জনের তুলনা করা নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে ব্যবসার ফলাফল কী হলো, তা জানার পাশাপাশি সেই ফলাফলের পেছনে কোন বিষয়গুলো কাজ করেছে, তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মো. মুবির মাহমুদ চৌধুরী বলেন, শুধু বিক্রির হিসাব দেখে সিদ্ধান্ত নিলে অনেক সময় সীমাবদ্ধতা থেকে যায়। কারণ, অধিকাংশ প্রতিষ্ঠান নিয়মিত কৌশলগত ও মাঠ পর্যায়ের ফলাফলের হিসাব রাখলেও, সেই ফলাফল তৈরির পেছনে থাকা কার্যক্রমের সঙ্গে ফলাফলের সম্পর্ক সব সময় স্পষ্টভাবে বোঝা যায় না।


ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে মাঠপর্যায়ে কী কাজ হচ্ছে, কোথায় হচ্ছে এবং তার সঙ্গে ব্যবসায়িক ফলাফলের সম্পর্ক কী—তা নিয়মিত ও নির্ভুলভাবে সংরক্ষণ করা সম্ভব। বাংলাদেশের একটি বড় ভোজ্যতেল প্রতিষ্ঠানের ৫৫ সপ্তাহের বিক্রয় ও মাঠপর্যায়ের কার্যক্রমের তথ্য নিয়ে পরিচালিত একটি গবেষণার উদাহরণ দিয়ে তিনি জানান, মোবাইল অ্যাপের মাধ্যমে সংগৃহীত তথ্য সেন্ট্রাল সিস্টেমে সুসংগঠিত করার ফলে মাঠপর্যায়ের কার্যক্রমের সঙ্গে বিক্রির সম্পর্ক খতিয়ে দেখার সুযোগ তৈরি হয়েছিল। বিশ্লেষণে দেখা গেছে, সব সূচকের সঙ্গে বিক্রির সম্পর্ক সমান নয়, তাই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।


তবে গবেষণার এই ফলকে সব প্রতিষ্ঠানের জন্য সর্বজনীন সূত্র হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, প্রতিটি প্রতিষ্ঠানের পণ্য, বাজার ও গ্রাহক ভিন্ন। মো. মুবির মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, তথ্যের ডিজিটাল রূপান্তর কেবল প্রযুক্তি কেনা বা সফটওয়্যার চালুর বিষয় নয়, এটি ব্যবসা বোঝার একটি উপায়। প্রযুক্তির সাহায্যে সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ট্রেন্ড ও সম্পর্ক খুঁজে বের করা যায়, যা খালি চোখে বা হাতে-কলমে করা প্রায় অসম্ভব।


পরিশেষে, তিনি বলেন, প্রতিষ্ঠানের ডিজিটাল সক্ষমতা কতগুলো সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তার ওপর নির্ভর করে না, বরং সংগৃহীত তথ্য কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি নিজের ব্যবসা সম্পর্কে কতটা ভালোভাবে বুঝতে পারছে, তার ওপর নির্ভর করে। ভালো ব্যবস্থাপনা শুধু ফলাফল পর্যালোচনা করে না, বরং ফলাফলের পেছনে কী কাজ করেছে এবং সেখান থেকে কী শেখা যায়, সেই উত্তরগুলোও খোঁজে। মো. মুবির মাহমুদ চৌধুরী একজন উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরামর্শক ও কর্পোরেট প্রশিক্ষক।